ব্রেকিং…. বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হ’রতা’ল

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার হেয়াকো বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন কমিটির সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার। নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে এ হরতালের ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে কমিটির সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার লিখিত বক্তব্যে বলেন, গত ১০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এরই মধ্যে ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। দীর্ঘদিন ধরে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবি জানানো হলেও এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা না যাওয়ায় হরতালের কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হরতাল চলাকালে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের সরকারি-বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবা এবং চলমান পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান হরতালের আওতার বাইরে থাকবে। এ সময় ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং ফটিকছড়ি-ফেনী-হেয়াকো সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

এ দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সমন্বয়ক মো. বেলাল হোসেন, জামায়াত নেতা নুরুল আলম, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, নুরুল আবসার, মো. আনিস, জামাল হোসেন, মো. ইব্রাহীম, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলমগীর, শফিউল আলমসহ সমন্বয় পরিষদের নেতারা।

Author: Jago Dhaka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *